ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান খারগ বন্দর দিয়ে প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে।
“প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর তার অন্যতম প্রিয় ইনফ্লুয়েন্সার, কট্টর ডানপন্থী কর্মী লরা লুমারকে ফোন করে নিজের প্রশংসা শোনেন।” – ফাইন্যান্সিয়াল টাইমস।
চীন ইরান, জর্ডান, লেবানন ও ইরাকে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।
ইরান তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, তিনি “তার ছেলে ও নিরাপত্তা দলের সাথে শহীদ হয়েছেন।”
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্রনীতি বিষয়ক এক বৈঠকে তিনি বলেছেন, “এখন শান্তির সময় নয়।” রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সেনাদের বহনকারী একটি মেডিকেল ইভাক্যুয়েশন ফ্লাইট জার্মানির রামস্টেইন বিমানঘাঁটির উদ্দেশে রওনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল দিনভর দেশটির বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানানোর পর এই ঘটনা ঘটল।
ইসরায়েলের দিকে ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করেছে ইরান, যা দিনভর বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
একাধিক উপসাগরীয় দেশে ইরানের হামলা অব্যাহত আছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং কাতারে হামলার খবর পাওয়া গেছে।
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলে হামলা চালিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনস্থ ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট ইরানে এই যুদ্ধের কারণে পদত্যাগ করেছেন।
উত্তর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং সীমান্তবর্তী শহরগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ওয়াশিংটন পোস্টের মতে, ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তারা মার্কিন কূটনীতিকদের বলেছেন, ইরানি বিক্ষোভকারীরা যদি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রাস্তায় নামার চেষ্টা করে তবে তাদের “গণহারে হত্যা” করা হবে।
ইসরায়েলের এই মূল্যায়ন তাদের প্রকাশ্য বার্তার পরিপন্থী, যেখানে তারা ইরানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আহ্বান জানিয়ে আসছে।
বাগদাদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ব্যাপক হামলা চালানো হয়েছে এবং ১২ ঘণ্টার মধ্যে সেখানে সরাসরি একাধিক আঘাতের ঘটনা ঘটেছে।
“হরমুজ প্রণালির পরিস্থিতি যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরে যাবে না।” – এক্সে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ।
ইউএসএনআই নিউজের তথ্যমতে, মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড লোহিত সাগর ছেড়ে ক্রিট দ্বীপে মার্কিন নৌঘাঁটিতে মেরামতের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
জাহাজের লন্ড্রিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর এই মেরামতের কাজ এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।
ফারস নিউজ এজেন্সির মতে, বর্তমান কমান্ডাররা নিহত হলে প্রতিটি সামরিক পদের জন্য ৩ থেকে ৭ জন বিকল্প ঠিক করে রেখেছে ইরান।
রয়টার্সের প্রতিবেদনে গ্যাসবডির তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পেট্রোলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৩.৭৫ ডলার ছাড়িয়ে গেছে।
সৌজন্যে: সারওয়ার আলম
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক