মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। চলতি বছরে দুই নেতার এটিই প্রথম ফোনালাপ বলে জানিয়েছে রয়টার্স।
ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্টের আলোচনায় ইরান যুদ্ধ দ্রুত শেষ করার সম্ভাবনা, ইউক্রেন যুদ্ধের সামরিক পরিস্থিতি এবং বৈশ্বিক তেলের বাজার নিয়ে মতবিনিময় হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনা ছিল গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।
ফোনালাপের পর ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে তার আলোচনা খুব ভালো হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে সহায়তা করতে আগ্রহী।’ তবে তিনি পুতিনকে বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করতে পারলে সেটিই আরো বেশি সহায়ক হবে।
এই ফোনালাপের কয়েক ঘণ্টা আগেই পুতিন সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহ বড় ধরনের ধাক্কা খেতে পারে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়া আবারও ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতায় ফিরতে প্রস্তুত।’
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক