1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ: ১লা এপ্রিল, ৩৩তম দিনের সারসংক্ষেপ
ইরান যুদ্ধ: ১লা এপ্রিল, ৩৩তম দিনের সারসংক্ষেপ

ইরান যুদ্ধ: ১লা এপ্রিল, ৩৩তম দিনের সারসংক্ষেপ

0
  • 17 hours ago,

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন আহত হয়েছে। গতকাল সকালের মধ্যেই ইরান ইসরায়েল অভিমুখে ৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে অন্তত ৩টি ছিল ক্লাস্টার মিসাইল।

ইরাকি কুর্দিস্তানের ইরবিলে ব্রিটিশ ক্যাস্ট্রল অয়েলের গুদামে একটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১২ ঘণ্টায় হিজবুল্লাহ দক্ষিণ-পূর্ব লেবাননের খিয়াম ও কানতারা অভিমুখে পাল্টা আক্রমণ চালিয়েছে। তারা উত্তর খিয়াম পুনর্দখল করেছে এবং দক্ষিণ অংশে এখনও লড়াই চলছে। হিজবুল্লাহ যোদ্ধারা কানতারাতেও পুনরায় প্রবেশ করেছে এবং গত রাতে শহরের কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ৪৮ জন দখলদার ইসরায়েলি সেনা আহত হয়েছে। হারেৎজ পত্রিকা মন্তব্য করেছে, “ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে কোনোমতে টিকে আছে এবং তাদের রসদ গত বারের যুদ্ধের তুলনায় অনেক কম।”

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি ন্যাটো  থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি “গুরুত্বের সাথে বিবেচনা” করছেন।

ফ্রান্সে গাড়ির জ্বালানি তেলের দাম গড়ে প্রতি লিটার ২ ইউরো ছাড়িয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়; আমরা এই দ্বন্দ্বে জড়াব না। এটি আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয়।”

ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জোটে যোগ না দেয়, তবে ট্রাম্প ইউক্রেনের জন্য অস্ত্র বিক্রি বন্ধ করার হুমকি দিয়েছেন।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্যকে “উন্মাদনা” বলে অভিহিত করেছেন।

মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রই আগের চুক্তিগুলো লঙ্ঘন করে উত্তেজনা বাড়িয়েছে। তিনি ইসরায়েলি প্রভাবের সমালোচনা করেন এবং মার্কিনিদের মিডিয়া প্রোপাগান্ডার বাইরে এসে সংঘাতের বদলে আলোচনার আহ্বান জানান।

তিনি সতর্ক করেন যে, সংঘাত অব্যাহত রাখা সহযোগিতার চেয়েও অনেক বেশি ব্যয়বহুল হবে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো জোরালো আলোচনায় বসতে আগ্রহী নয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান মনে করছে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছে এবং আমেরিকার শর্ত মেনে নেওয়ার কোনো কারণ নেই।

ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ  জানিয়েছে, “প্রায় ৪০০ কার্গো ও অন্যান্য জাহাজ হরমুজ প্রণালী বা ইরানি দ্বীপগুলোর আশেপাশে ইরানের অনুমতির অপেক্ষায় আটকে আছে।”

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র জানিয়েছেন, সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে। তবে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানবে।

তিনি অন্যান্য দেশগুলোকেও হরমুজ প্রণালী খোলার চেষ্টা করার আহ্বান জানান। তবে তিনি যুদ্ধ শেষ হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

ট্রাম্পের ভাষণের পর ডব্লিউটিআই এবং ব্রেন্ট ক্রুড অয়েল—উভয়ের দামই বৃদ্ধি পেয়েছে। ডব্লিউটিআই প্রতি ব্যারেল ১০৪ ডলার এবং ব্রেন্ট ১০৫ ডলার ছাড়িয়ে গেছে।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম। 

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক