1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ: ২৬ মার্চ, ২৭তম দিনের সংক্ষেপ
ইরান যুদ্ধ: ২৬ মার্চ, ২৭তম দিনের সংক্ষেপ

ইরান যুদ্ধ: ২৬ মার্চ, ২৭তম দিনের সংক্ষেপ

0
  • 16 hours ago,

ব্লুমবার্গের তথ্যমতে, উপসাগরীয় আরব দেশগুলো যেন কোনোভাবেই ইরান বিরোধী এই যুদ্ধে আমেরিকা-ইসরায়েল জোটে যোগ না দেয়, সেজন্য তুরস্ক ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে দিয়েছে যে—আমেরিকা ও ইসরায়েলের সাথে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করতে হবে।

অ্যাক্সিওস-এর এক রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু ইরানিদের রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার ডাক দিতে চেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলেন, “এটা বড্ড ঝুঁকিপূর্ণ। কেন আমরা মানুষকে রাস্তায় নামতে বলব যখন তারা স্রেফ মারা পড়বে?”

ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর সাথে যুদ্ধে ২ সেনার মৃত্যু এবং আরও ৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

জ্বালানি তেলের বাজারে আগুন; ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩.৫% বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে ঠেকেছে।

তেহরান এবং পশ্চিম ইরানে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগন’ ইরানে একটি ‘চূড়ান্ত আঘাত’ হানার সামরিক পরিকল্পনা তৈরি করছে। এতে বিশাল বোমাবর্ষণের পাশাপাশি স্থল সেনা ব্যবহারের অপশনও রাখা হয়েছে। এই চরম সামরিক আগ্রাসণ যে কোনো সময় শুরু হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও সামরিক শক্তি যোগাতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে।

রয়টার্স জানিয়েছে, তেহরানের সাথে সংহতি জানিয়ে লোহিত সাগরে জাহাজ চলাচলে আঘাত হানতে হুতিরা সম্পূর্ণ প্রস্তুত।

ফক্স নিউজ জানিয়েছে, ফ্লোরিডার ম্যাকডিল এয়ার ফোর্স বেসে একটি আইইডি বোমা উদ্ধার করা হয়েছে। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, এই ষড়যন্ত্রের দায়ে এক ভাই ও বোনকে অভিযুক্ত করা হয়েছে; যার মধ্যে একজন আটক হলেও অন্যজন চীনে পালিয়ে গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সময়সীমা আরও ১০ দিন বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছেন। ট্রাম্পের দাবি, ইরান সময় চেয়েছে; তবে ইরান এবং মধ্যস্থতাকারীরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, তেহরান কোনো সময় চায়নি।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াল স্ট্রিট বা মার্কিন শেয়ার বাজারে আজ ছিল সবচেয়ে ভয়াবহ ধসের দিন।

ইরানি হার্ডলাইনাররা এখন পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো করছে। রয়টার্সকে ইরানি সূত্রগুলো জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর আইআরজিসি এখন অনেক বেশি প্রভাবশালী এবং তারা পারমাণবিক নীতির ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিচ্ছে।

থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো জাহাজ ‘ময়ূরী নারি’, যেটি হরমুজ প্রণালীতে ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি এখন ইরানের কেশম দ্বীপের কাছে আটকা পড়েছে।

ট্যাঙ্কার-ট্র্যাকার্স-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ ২০২৬-এর প্রথম ২৩ দিনে তেল রপ্তানি কমেছে: ইরাক : -৭৬%, কুয়েত: -৭২% এবং সৌদি আরব: -৫২%। অন্যদিকে ইরান ও রাশিয়ার বেড়েছে যথাক্রমে +৪% ও +১৪%।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হিজবুল্লাহর টানা রকেট হামলার ভয়ে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরের বাসিন্দারা ঘরে ফিরতে অস্বীকার করছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক