খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান, আইআরজিসি প্রতিশোধের অঙ্গীকার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স। একই সাথে তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার শোকে মুহ্যমান।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তার শহীদ হওয়া এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং তার আন্তরিক সেবার প্রতি জনগণের স্বীকৃতির নিদর্শন।’
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছাড়বে না।
আইআরজিসি–সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানায়, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাতদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ইরানের ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফও ছিলেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক