জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
শনিবার ( ৩১ জানুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করা হয়।
দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয়।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে, সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
অন্য দিকে শফিকুর রহমানের পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ মিছিলও বের হয়।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক