বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য দাবি করে নিজেকেই বোর্ডের ‘একমাত্র বৈধ সভাপতি’ হিসেবে ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) এনএসসি বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়ার পর এক বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানান আমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম বলেন, গত ৫ এপ্রিল এনএসসি যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, তার কোনো আইনগত ভিত্তি নেই। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ উপায়ে সম্পন্ন হয়েছে। ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন। কমিশনে কমিশনার হিসেবে ছিলেন অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং এনএসসির তৎকালীন নির্বাহী পরিচালক।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমিনুল ইসলাম আরও জানান, ১৫টি ক্লাব ও তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তিগুলো নির্বাচনের আগেই আধা-বিচারিক শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ২০২৫ সালের ২৪ ও ২৫ সেপ্টেম্বর এই শুনানি অনুষ্ঠিত হয়। ফলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলে তিনি দাবি করেন। একই সাথে আমিনুল অভিযোগ করেন, এনএসসির এই পদক্ষেপ ‘এখতিয়ারবহির্ভূত’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক