সৌদি আরব তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান (KAAN) প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান Turkish Aerospace Industries (TAI).
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মেহমেত দেমিরওগ্লু বলেছেন, বিষয়টি বর্তমানে সিদ্ধান্ত গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের মধ্যেই এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বা চুক্তি হতে পারে।
সৌদি আরবের সামনে কয়েকটি সুযোগ রয়েছে, যেমন: ১. প্রায় ২০টি KAAN যুদ্ধবিমান সরাসরি কেনা, যা একটি ছোট স্কোয়াড্রন গঠনের জন্য যথেষ্ট, ২. অথবা সৌদি আরবেই এই যুদ্ধবিমান স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা করা।
তবে সৌদি আরবে চূড়ান্ত সংযোজন স্থাপন করতে হলে অন্তত ৫০টি যুদ্ধবিমানের অর্ডার প্রয়োজন হবে, যাতে প্রকল্পটি অর্থনৈতিকভাবে লাভজনক হয়।
কান হলো তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা ভবিষ্যতে দেশটির বিমানবাহিনীর প্রধান শক্তি হিসেবে কাজ করবে। সৌদি আরব এই প্রকল্পে যুক্ত হলে এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় আন্তর্জাতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে এবং দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক