1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয়াসুরিয়া
দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয়াসুরিয়া

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয়াসুরিয়া

0
  • 17 hours ago,

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৫ রানে হারের পর এ ঘোষণা দেন তিনি। পাল্লেকেলেতে ওই হারের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শেষ হয়।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-কে পদত্যাগপত্র দেননি জয়াসুরিয়া।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে, দায়িত্বটা এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। প্রায় দুই মাস আগেই ইংল্যান্ড সিরিজ চলাকালে ইঙ্গিত দিয়েছিলাম, এই পদে বেশিদিন থাকার আশা নেই। ভেবেছিলাম বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নিতে পারব, কিন্তু সেটা আর হলো না।

১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিরিজটি অনিশ্চিত হয়ে পড়েছে। জয়াসুরিয়ার চুক্তি আগামী জুন পর্যন্ত বহাল রয়েছে। তিনি জানিয়েছেন, এসএলসির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড চাইলে আপাতত দায়িত্ব চালিয়ে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব নেন জয়াসুরিয়া। তার অধীনে শ্রীলঙ্কা ২০২৪ সালের আগস্টে ভারতকে হারিয়ে ২৭ বছর পর ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ জেতে। সেপ্টেম্বরে ইংল্যান্ডকে ওভাল টেস্টে হারায় দলটি। একই বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক