নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন তাহলে অবশ্যই মেনে নেব: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে মেনে নেবেন। তিনি বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? আমরা সব দলই মেনে নেব। তবে অবশ্যই এখানে একটা শর্ত আছে- নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারেন। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায় কেন্দ্র ঘুরে এসেছি। গতরাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে; তবে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারছেন। কারণ গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।
জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা আত্মবিশ্বাসী, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী। কত আসনে জয়ের আশা করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এতটুকু প্রত্যাশা করছি, যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব। নির্বাচনে বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।
ভোটের ফল গণনায় দেরি হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা নিয়ে দেরি হওয়ার কোনো কারণ দেখি না। কেন দেরি হবে? সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকারের ফল তাদের কাছে পৌঁছে দিতে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক