সরকারের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টাররুহুল কুদ্দুস কাজল। দেশের অষ্টাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়া কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন বারের সম্পাদক।
বুধবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই পদে তিনি আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান গত নির্বাচনের আগে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে।
বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজলের জন্ম ১৯৭০ সালের ১৯ নভেম্বর ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৫ সালে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। ছাত্র থাকা অবস্থায় কিছুদিন সাংবাদিকতাও করেছেন।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আলহামদুলিল্লাহ, আমি ফোন পেয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক