1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. বিশাল জয় নিয়ে সুপার এইটে যাত্রা শুরু করল ওয়েস্ট ইন্ডিজ
বিশাল জয় নিয়ে সুপার এইটে যাত্রা শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

বিশাল জয় নিয়ে সুপার এইটে যাত্রা শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

0
  • 17 hours ago,

সুপার এইটের প্রথম লড়াইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১০৭ রানে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ও ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় স্কোর এটি।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হতে না হতেই সাজঘরে ফেরেন তিনজন ব্যাটার। সপ্তম ওভারে ফেরেন আরও এক ব্যাটার। তাতেই চাপে পড়ে রোডেশীয়রা। আউট হওয়ার আগে ব্রায়ান বেনেট ৫, মারুমানি ১৪, রায়ান বার্ল শূন্য ও ডিওন মেয়ার্স ২৮ রান করেন। পঞ্চম উইকেটে টনি মুনয়োঙ্গাকে নিয়ে চাপ সামলে নেন সিকান্দার রাজা। কিন্তু তাদের তোলা রানরেট ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। আউট হওয়ার আগে দলনেতা সিকান্দার রাজা ২৭ রান করেন। শেষ উইকেট জুটিতে নিজের ব্যাটিং ক্যারিশমা দেখান ব্র্যাড ইভান্স। মাত্র ২১ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৩ রান করেন তিনি। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার গুদাকেশ মোতি। ২৮ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিননি। তিনটি উইকেট পেয়েছেন আকেল হোসেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় উইন্ডিজ। ১২ বলে ৯ রান করে আউট হন ওপেনার ব্রেন্ডন কিং। 

এরপর শুরু হয় শিমরন হেটমায়ার শো। তাকে সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। অবশ্য অল্প রানেই সাজঘরে ফিরতে পারতেন হেটমায়ার। ইনিংসের চতুর্থ ওভারেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্যাচ মিস হলে বেঁচে যান হেটমায়ার। এরপর পাওয়েল হেটমায়ার জুটি মাত্র ৫২ বলে গড়েন ১২২ রান। মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন হেটমায়ার। মাত্র ৩৪ বলে ৮৫ রানে থেমে যায় তার ইনিংস। রোভম্যান পাওয়েলও ৩৫ বলে চারটি করে চার-ছক্কায় ৫৯ রান করেন।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাফারফোর্ড-শেফার্ডরা। মাত্র ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শেরফাইন রাদারফোর্ড। ১০ বলে ২১ রান করেন রোমারিও শেফার্ড। এছাড়া জেসন হোল্ডার ৪ বলে ১৩। ২০ ওভারে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

এর মাধ্যমেই হয়েছে একাধিক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, বিশ্বকাপের এবারের আসরেও এটাই সর্বোচ্চ রানের ইনিংস। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে এই ইনিংসের অবস্থান দুই নম্বরে। সর্বোচ্চ রানের রেকর্ড কেনিয়ার বিপক্ষে করা শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংসটি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক