নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে তামিম ইকবালকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। কমিটির বাকি সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এ কারণে নির্বাচনের আগেই নিজেদের প্রত্যাহার করে নেয় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে নামে জাতীয় ক্রীড়া পরিষদ।
পরে গত রবিবার অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়। এর মাত্র দুই দিনের মধ্যেই বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক