ইরানের রাজধানী তেহরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আক্রমণ, নিশ্চিত করেছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলার তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ লক্ষ্যে আঘাত হানার কথা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। অবস্থাদৃষ্টে ইসরায়েল ইরানে হাই ভ্যালু টার্গেটে হামলা চালাচ্ছে। একদম সর্বশেষ হামলাটি ছিল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ভবনে।
এপর্যন্ত যেসকল যায়গায় ইসরায়েল-মার্কিন হামলা নিশ্চিত হওয়া গেছে-
১. সর্বোচ্চ নেতার কার্যালয়
২. গোয়েন্দা মন্ত্রণালয়
৩. প্রতিরক্ষা মন্ত্রণালয়
৪. রাষ্ট্রপতির কার্যালয়
৫. পারমাণবিক শক্তি কেন্দ্র
এদিকে ইসরায়েলজুড়ে নাগরিকদেরত সতর্ক করার জন্য সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক