মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এদিকে উপসাগরীয় ওই তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নৌঘাঁটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও নেভানো যায়নি বাহরাইনে ইরানি হামলার আগুন। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়। অসমর্থিত সূত্রে জানা যায়, কুয়েতে ন্যাটোর একটি স্থাপনায় আঘাত হেনেছে ইরানি মিসাইল। ওদিকে ইতালি বলছে, কুয়েতে অবস্থিত তাদের সেনাদের থাকার যায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।
মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে দক্ষিণ সিরিয়ার সুয়াইদা শহরের শিল্প এলাকায় একটি ভবনের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক