1. Home
  2. বিশ্ব
  3. যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে সম্মত: হোয়াইট হাউস বলছে তাদের বিজয়, ইরানিদের উল্লাস
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে সম্মত: হোয়াইট হাউস বলছে তাদের বিজয়, ইরানিদের উল্লাস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে সম্মত: হোয়াইট হাউস বলছে তাদের বিজয়, ইরানিদের উল্লাস

0
  • 6 hours ago,

ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করেছেন বলে উল্লেখ করেন।

ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী, পরবর্তী ১৪ দিন উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে।

তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্প বলেন, ‘আজ রাতে ইরানের ওপর যে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল, পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়েছে।

তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফার প্রস্তাব পাওয়া গিয়েছে, যেটিকে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি বলে মনে করছে ওয়াশিংটন। দুই দেশের মধ্যে অতীতে অমিল থাকা প্রায় সব পয়েন্টে সমঝোতা হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘পরবর্তী দুই সপ্তাহ এই চুক্তি চূড়ান্ত ও কার্যকর করার জন্য সময় দেবে।’

ট্রাম্প এই অর্জনকে নিজের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবেও বড় একটি সাফল্য বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপের ফলে কয়েক দশকের পুরনো এক সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব।

হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আমরা ৩৮ দিনে আমাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং তা অতিক্রমও করেছি। 

অন্যদিকে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানের বাসিন্দাদের মধ্যে উল্লাস-আনন্দ উদযাপন করতে দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার সকালে দেশটির জনগণ রাস্তায় নেমেছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর তারা উল্লাস করছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক