1. Home
  2. ধর্ম
  3. ইসলামী জীবন
  4. রাগ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা
রাগ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

রাগ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

0
  • 1 hour ago,

পবিত্র কোরআন ও হাদিসে রাগ দমন করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। একজন প্রকৃত মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, সে রাগান্বিত হলেও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখে এবং অন্যকে ক্ষমা করতে জানে। এই গুণ শুধু একজন মুমিনকে আল্লাহর প্রিয় বানায় না, বরং সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষার মাধ্যম হিসেবেও কাজ করে।

রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে তা পরিবারে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা এবং নানা ধরনের ক্ষতি ডেকে আনে। অনেক সময় মানুষ রাগের বশবর্তী হয়ে এমন কিছু বলে বা করে ফেলে, যা তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত হয়। অথচ সে যদি মুহূর্তটুকু ধৈর্য ও সংযমের সঙ্গে পার করে দিতে পারত, তাহলে হয়তো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।

পবিত্র কোরআনে রাগ দমনকে মহান আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যম বলা হয়েছে। এ মর্মে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, ‘যারা রাগ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল (তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত)। আর আল্লাহতায়ালা সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত ১৩৪)

আয়াতে রাগ সংবরণ এবং মানুষকে ক্ষমা করার বিষয়টি পাশাপাশি বলা হয়েছে। এখানে লক্ষণীয় দিক হলো, মানুষ সাধারণত অন্য মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে কিংবা অন্য মানুষ দ্বারা তার ছোট ছোট অধিকার হরণের শিকার হয়ে রাগ করে থাকে।

প্রথমে বিষয়টি ছোট আকারে শুরু হলেও রাগ দমন করতে না পারলে তা বৃহৎ আকার ধারণ করে। কিন্তু শুরুতেই যদি ছোট ছোট ভুল করা লোকদের ক্ষমা করে দেওয়া যায় কিংবা বিষয়টির মীমাংসা করে ফেলা হয়, তাহলে তা বৃহৎ আকার ধারণ করে অরাজকতা সৃষ্টি হবে না। এ জন্যই আয়াতে রাগ সংবরণের সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে। তাই কোনো মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে রাগ করলে মহান আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য রাগ দমন করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এতেই কল্যাণ নিহিত রয়েছে।

রাগ সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া মুমিন মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি গুণ। এ বিষয়ে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, ‘তারা যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়।’ (সুরা শুরা, আয়াত ৩৭)

মুমিন ব্যক্তিরা রাগের সময় নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলে না। বরং রাগের সময়ও তাদের মধ্যে ক্ষমা ও অনুকম্পার প্রাবল্য থাকে। তারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে দেয়। তারা জানেন মহান আল্লাহ এর প্রতিদান হিসেবে জান্নাত দেবেন।

হাদিসে এসেছে, ‘এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসুল (সা.) বললেন, তুমি রাগ প্রকাশ করবে না, এতে তোমার জন্য জান্নাত রয়েছে।’ (তাবরানি)

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক