মধ্যপ্রাচ্যে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৭৯টি ফ্লাইট বাতিল হলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ডগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ফ্লাইট সূচিতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি। তবে ফ্লাইট বাতিলের হিড়িকের মধ্যেও মঙ্গলবার মধ্যপ্রাচ্য থেকে ৬টি আগমন এবং ৪টি বহির্গমন ফ্লাইট সচল ছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক