রাসুল (সা.) বেশ কিছু খাবার খেতে বেশি পছন্দ করতেন এবং আহারের সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলতেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) যেসব খাবার গ্রহণ করেছেন, তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। ব্যক্তিগত জীবনে রাসুল (সা.) নিজেকে সুস্থ, সবল ও ফিট রাখতে বেশ কিছু খাবারকে গুরুত্ব দিয়েছেন যা আমরা হাদিস থেকে জানতে পারি।
তেমনি ভাবে রাসুল (সা:) সেহরি ও ইফতারের জন্য খেজুরকে অনেক বেশী গুরুত্বপূর্ণ বলেছেন। মহানবী (সা.) খেজুর দিয়ে সেহরি খাওয়াকে সেরা সেহরি বলেছেন। আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহারী খাওয়া কতোই না উত্তম।’ (আবু দাউদ: ২৩৪৫)
ইফতারও মহানবী (সা.) খেজুর দিয়ে করতে পছন্দ করতেন। তাঁর ইফতারের পাতে বেশির ভাগ সময় কাঁচা খেজুর থাকত। কাঁচা খেজুর না থাকলে শুকনো খেজুরও খেতেন তিনি। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ‘নবী (সা.) নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত, তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকত তাহলে কয়েক ঢোক পানি দিয়ে।’ (তিরমিজি: ৬৩২)
অন্য হাদিসে হজরত সালমান ইবনে আমির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে; নিশ্চয়ই পানি পবিত্র।’ (আহমাদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও দারেমি)
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক