সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি
গত মাসে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলায় প্রাথমিকভাবে ধারণার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal, WSJ)।
প্রতিবেদন অনুযায়ী, ৩ মার্চের ওই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়।
প্রথম ড্রোনটি রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দূতাবাসে আঘাত হানে। প্রায় এক মিনিট পর দ্বিতীয় ড্রোন একই পথ দিয়ে ঢুকে বিস্ফোরিত হয়।
হামলাটি দূতাবাসের একটি উচ্চ নিরাপত্তা এলাকায় আঘাত করে, যেখানে সাধারণত দিনে শতাধিক কর্মকর্তা কাজ করেন। এতে তিনটি তলা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে সিআইএ স্টেশনও ছিল।
প্রাথমিকভাবে সৌদি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতিকে সামান্য বলে উল্লেখ করলেও, পরে জানা যায় হামলার ফলে আগুন লাগে যা প্রায় অর্ধদিন ধরে জ্বলেছে, এবং কিছু অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
একই রাতে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে একটির ধ্বংসাবশেষ একটি প্রি-স্কুলের কাছে পড়ে, আরেকটি ড্রোন নিকটবর্তী মার্কিন শীর্ষ কূটনীতিকের বাসভবন লক্ষ্য করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলাটি রাত ১টা ৩০ মিনিটে হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি যদি দিনের বেলায় ঘটত, তাহলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক