স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অপেক্ষায়, এটা দ্রুত হওয়া উচিত।’
রোববার (২২ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয় উল্লেখ করে তিনি বলেছেন, ‘সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে।’
এ সময় শফিকুর রহমান আরও বলেন, ‘গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ “হ্যাঁ” ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সংসদে ভাষণ দেবেন, তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সাথে আমাদের আপত্তি নেই, ব্যাক্তি সম্পর্কে আপত্তি আছে।’ এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ‘বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষী মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট লোক রয়েছে।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, কিন্তু জনস্বার্থবিরোধী কিছু হলে আমরা তা মেনে নেব না।’
রাজনৈতিকভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে জামায়াত এসব বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানান বিরোধীদলীয় নেতা।
নতুন ধারার ও ইতিবাচক ধারার রাজনীতি তৈরি করতে গত নির্বাচন বর্জন করেননি জানিয়ে তিনি বলেন, ‘অতীতের ধারায় আমরা নির্বাচনের সাথে সাথেই তা প্রত্যাখান করিনি। বুকে চাপ নিয়ে মেনে নিয়েছি। তারপরও টিআইবি, সুজনের মতো সংগঠন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে। আমরা মনে করি গত নির্বাচন কেমন হয়েছে, তা বোঝার জন্য এসব প্রতিবেদন সহায়ক হবে।’
মতবিনিময় সভায় জামায়াতের মিডিয়া সেলের দায়িত্বে থাকা জয়েন্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক