আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক দেশ ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। তিন বছর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতি ভুলে নতুন ইতিহাস গড়ার হাতছানি রোহিত শর্মাদের সামনে। আজ জিতলে প্রথম দল হিসেবে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা দুই আসরে শিরোপা ধরে রাখার অনন্য রেকর্ড গড়বে আয়োজক দেশটি।
সুপার এইট পর্বে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই স্মৃতি কাটিয়ে উঠতে বিসিসিআই এবার বেশ সতর্ক অবস্থান নিয়েছে, এমনকি ফাইনালের আগে খেলোয়াড়দের টিম হোটেলও পরিবর্তন করা হয়েছে। তবে মাঠের লড়াইয়ে মূল নজর থাকবে ব্যক্তিগত দ্বৈরথগুলোর ওপর, যা নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।
নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেনকে থামানোর বড় চ্যালেঞ্জ থাকবে ভারতের প্রধান পেসার যশপ্রীত বুমরার কাঁধে। সেমিফাইনালে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করা অ্যালেন পাওয়ারপ্লেতে বোলারদের ওপর চড়াও হতে পছন্দ করেন। অন্যদিকে, বুমরার বিষাক্ত ইয়র্কার ও নিয়ন্ত্রিত বোলিং কিউই ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
ভারতের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ সঞ্জু স্যামসন বর্তমানে দারুণ ফর্মে থাকলেও তার সামনে বাধা হতে পারেন পেসার ম্যাট হেনরি। টুর্নামেন্টের শুরুতে অনিয়মিত থাকলেও শেষ দুই ম্যাচে ৯৭ ও ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন স্যামসন। তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের আগের সিরিজে হেনরি দুবার আউট করেছিলেন স্যামসনকে, যা ভারতীয় শিবিরে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সবচেয়ে ধারাবাহিক টিম সাইফার্টকে আটকানোর দায়িত্ব থাকবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপর। সাত ইনিংসে তিন ফিফটি করা সাইফার্ট ১৬১ দশমিক ১৭ স্ট্রাইক রেটে রান তুলে প্রতিপক্ষ বোলারদের চাপে রাখছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক