1. Home
  2. খেলা
  3. এটা আমার শেষ বিশ্বকাপ, আশা করি এটাই শেষ ম্যাচ নয়: রোনালদো
এটা আমার শেষ বিশ্বকাপ, আশা করি এটাই শেষ ম্যাচ নয়: রোনালদো

এটা আমার শেষ বিশ্বকাপ, আশা করি এটাই শেষ ম্যাচ নয়: রোনালদো

0
  • 7 hours ago,

ডালাসে প্রতিবেশী দেশ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহাদ্বৈরথের আগে ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করলেন এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে বিদায়বেলায় কোনো অনুশোচনা বা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না এই পর্তুগিজ মহাতারকা।

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ৪১ বছর বয়সী এই মহাতারকা সংবাদ সম্মেলনের শেষ দিকে এসে এই মন্তব্য করেন। তবে পুরো সংবাদ সম্মেলনজুড়েই তিনি একটি বিষয়ে অনড় ছিলেন- ট্রফি-ঝলমলে ক্যারিয়ারের ইতিটা তিনি টানবেন নিজের সিদ্ধান্তে, অন্য কারও কথায় নয়।

উপস্থিত সাংবাদিকদের করতালির মধ্য দিয়ে কক্ষ ছাড়ার আগে ক্রিস্টিয়ানো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ; তবে আশা করি আগামীকালই (স্পেনের বিপক্ষে) আমার শেষ ম্যাচ হয়ে যাচ্ছে না।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা বলেন, ‘একেবারে মন থেকে বলছি, আগামীকাল যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো ১০০০% পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেবে।’

তিনি আরও বলেন, ফুটবলকে আমার দেওয়ার যা ছিল, তার সবটুকুই দিয়েছি। এতগুলো বছর ধরে খেলে যাওয়াটা আমার আবেগ। কোনো দায় ঠেকায় পড়ে বা প্রয়োজনের তাগিদে আমি খেলছি না, জীবন আমাকে যথেষ্ট দিয়েছে। সবটাই আসলে ভালোবাসার টানে। আমি জাতীয় দলের হয়ে খেলি, কারণ ফুটবল খেলাটা আমি অন্তরের সঙ্গে ভালোবাসি।’

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড অবশ্য শুরুতে এই টুর্নামেন্টটিই তার শেষ কি না, তা নিশ্চিত করতে চাননি। যদিও আগামী ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স গিয়ে ঠেকবে ৪৫-এ।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক