1. Home
  2. জলবায়ু
  3. ঢাকা বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে, দ্বিতীয় লাহোর
ঢাকা বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে, দ্বিতীয় লাহোর

ঢাকা বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে, দ্বিতীয় লাহোর

0
  • 2 months ago,

বৃষ্টির দেখা না মেলায় মেগাসিটি ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে রাজধানী শহর ঢাকা। 

আজ সকালে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৬, যা পরিবেশ বিজ্ঞানের ভাষায় ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সামান্য বৃষ্টির পর দীর্ঘ সময় ধরে অনাবৃষ্টির কারণে ধুলোবালু ও দূষিত কণা বাতাসে মিশে পরিস্থিতিকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় দেখা গেছে, একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

এ ছাড়া ভারতের দিল্লি ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় এবং কলকাতা ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। তালিকার পঞ্চম স্থানে থাকা চীনের ইউহান শহরের স্কোর ১৭২। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণের এই তীব্রতা গত কয়েক দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে, তবে আজ ঢাকাই বিশ্বের সবচেয়ে বিষাক্ত বাতাসের শহরে পরিণত হয়েছে।

বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণ সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

ঢাকার বর্তমান স্কোর ২৭৬ হওয়ায় এটি ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। যদি এই স্কোর ৩০০ ছাড়িয়ে যায়, তবে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদী এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক