পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় ঈদগাহের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। আর আবহাওয়ার কারণে জামায়াত স্থল বদল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।
বিভিন্ন শহরের জামাতের সময়সূচি:
ঢাকা: বায়তুল মোকাররমে পাঁচটি জামাত সকাল ৭টা থেকে ১০:৪৫ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য মসজিদেও পৃথক জামাত।
চট্টগ্রাম:প্রধান জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে, দ্বিতীয় জামাত ৮:৪৫ মিনিটে। অন্যান্য মসজিদ ও ঈদগাহেও জামাত।
বরিশাল: প্রধান জামাত সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। নারীদের জন্যও নামাজের ব্যবস্থা।
খুলনা: প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া খারাপ হলে অন্যান্য মসজিদে জামাত।
সিলেট: প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহ ময়দানে।
রংপুর:প্রধান জামাত সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহে, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। অন্যান্য মসজিদ ও ঈদগাহে পৃথক জামাত।
ময়মনসিংহ: প্রধান জামাত সকাল ৮টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে, দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
শহর ও গ্রামব্যাপী হাজারো মসজিদ ও ঈদগাহে সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক