রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক