1. Home
  2. ধর্ম
  3. ইসলাম
  4. আইয়ামে বীজ ও শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত
আইয়ামে বীজ ও শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত

আইয়ামে বীজ ও শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত

0
  • 17 hours ago,

শাওয়ালের ৬ রোজার ফজিলত: শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে এ মাসে ৬টি রোজা রাখা। রমাদানের রোজার পর যে শাওয়ালে ৬টি রোজা রাখবে, এর সওয়াব সারা বছর রোজা রাখার সমতুল্য! এ রোজাকে আমাদের সমাজে অনেকে “সাক্ষী রোজা” বলে থাকেন। কেউ কেউ বিশ্বাস করেন এই ৬টি রোজা রমাদানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। উক্ত ধারনাটি ভুল ও ভিত্তিহীন। কুরআন-হাদীসে এরকম কোনো সাক্ষী রোজার ধারনা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না। তাই এই বিশ্বাস থেকে আমরা বিরত থাকব।

আইয়ামে বীজের রোজা: প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়াম অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। নবীজি (সা) নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখতেন এবং সাহাবীগণকে (রা) এ রোজা রাখতে উৎসাহ দিতেন। প্রতি চান্দ্র মাসের ৩দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াবের সমতুল্য।

শাওয়াল মাসের আইয়ামে বীজের রোজার তারিখ: চলমান শাওয়াল মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ২, ৩ ও ৪ এপ্রিল ২০২৬, বৃহস্পতি, শুক্র ও শনিবার। অর্থাৎ বুধবার দিবাগত রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা শুরু করতে হবে। এর ধারাবাহিকতায় শুক্র ও শনিবার রোজা রাখতে হবে। যে কোনো রোজার জন্য সাহরি খাওয়া উত্তম একটি সুন্নাহ। রোজা রাখার সুবিধার্থে মোবাইলে এখনই রিমাইন্ডার সেট করে রাখতে পারেন।

শাওয়ালের ৬ রোজা ও আইয়ামে বীজের সওয়াব কি একসাথে সম্ভব? শাওয়ালের ৬টি রোজা এবং আইয়ামে বীজের ৩টি রোজা—উভয়ই অত্যন্ত সওয়াবের আমল। যাদের সামর্থ্য আছে, তাদের জন্য আলাদাভাবে মোট ৯টি রোজা রাখাই সর্বোত্তম।

৯টি সম্ভব না হলে বাড়তি নিয়তের দ্বারা মাত্র ৬টি রোজার মাধ্যমেই ৩টি সুন্নাহর সওয়াব হাসিল করতে পারেন। আইয়ামে বীজের ৩ দিন (চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখ) এবং বাকি ৩ দিন সোম ও বৃহস্পতিবার মিলিয়ে ৬টি রোজা রাখুন।

ফলাফল: এতে একইসাথে শাওয়ালের ৬ রোজা, আইয়ামে বীজের রোজা এবং সোম-বৃহস্পতিবারের রোজার সওয়াব পাওয়ার আশা করা যায়, ইনশাআল্লাহ। অল্প পরিশ্রমে বেশি সওয়াব পেতে এই সুযোগটি হাতছাড়া করবেন না। আল্লাহ আমাদের রমযান পরবর্তী এই আমলগুলো কবুল করুন। আমীন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক