সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপের মালেতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় তারা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
মালদ্বীপের মালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ ও ভারত।টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী অতিরিক্ত সময় ছাড়াই ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়িয়েছে।
প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।
অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।
ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন। ম্যাচজুড়ে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।
অন্যদিকে, সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
একই সাথে খেলোয়াড়দের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই পৃষ্ঠপোষকতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক