রয়টার্সের বরাতে জানা গেছে, ইরান যুদ্ধের স্থায়ী অবসান চাইছে এবং কোনো সাময়িক যুদ্ধবিরতি মেনে নেবে না। তারা ভবিষ্যতে আর আক্রান্ত হবে না—এমন গ্যারান্টি দাবি করছে। চূড়ান্ত চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার বিনিময়ে ইরানের পরমাণু অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকতে পারে।
আল জাজিরাকে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, “নিরাপত্তা ফি প্রদানের বিনিময়ে ইরান জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেবে। এই অর্থ যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ব্যবহৃত হবে।” ইতোমধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক ও ফ্রান্সের বেশ কিছু জাহাজ ট্রানজিট পারমিট পেয়েছে।
ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিড (অ্যাক্সিওস) জানিয়েছেন, ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাবের বিপরীতে আজ ১০ দফার একটি জবাব জমা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা একে “ম্যাক্সিমালিস্ট” (সর্বোচ্চ দাবি সম্বলিত) হিসেবে বর্ণনা করেছেন এবং এর মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথে অগ্রগতি হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট চারজন ইসরায়েলি সৈন্যকে গ্রেপ্তার করেছে।
ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, রুশ গোয়েন্দা সংস্থা ইরানকে ইসরায়েলের অভ্যন্তরে ৫৫টি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর তালিকা সরবরাহ করেছে।
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরান, ইসফাহান এবং দক্ষিণ ইরানসহ বিভিন্ন অংশে হামলা চালিয়ে যাচ্ছে।
ইরান পুরো অঞ্চলের দেশগুলোকে এই বার্তা দিয়েছে যে, যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের মার্কিন হামলা হয়, তবে পুরো অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হবে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং জেপি মরগান-এর মতে, যুদ্ধের প্রথম দুই সপ্তাহে ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার ৩% থাকলেও বর্তমানে তা ২৭%-এ উন্নীত হয়েছে।
সিবিএস নিউজ জানিয়েছে, গত রাতে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় ১৫ জন আমেরিকান আহত হয়েছেন।
বিশ্বের চতুর্থ বৃহত্তম পেট্রোকেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন SABIC-এ ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের দেওয়া এই তথ্য এখন নিশ্চিত করা হয়েছে।
ইরাকি কুর্দিস্তানের দোহুক এলাকায় একটি তেল শোধনাগারে প্রজেক্টাইল আঘাত হেনেছে।
ইরানি পার্লামেন্ট স্পিকারের কৌশলগত উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, “ট্রাম্পের হাতে আর মাত্র ২০ ঘণ্টা সময় আছে। হয় তিনি ইরানের কাছে আত্মসমর্পণ করবেন, নয়তো তার মিত্ররা প্রস্তর যুগে ফিরে যাবে। আমরা পিছু হটব না!”
সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক