বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আভাস দেওয়া হয়েছে, ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক