উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নীরব সমাজসেবার অজানা তথ্য প্রকাশ
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় জাইমা হোটেলে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ আরিফুর রহমান ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই খাতের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের অনিয়ম, হয়রানি বা নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একইসঙ্গে রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা করবে।
সভায় বক্তারা উত্তরার স্বাস্থ্যসেবা খাতকে আরও আধুনিকায়ন এবং রোগীদের আস্থার প্রতীকে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ্ জহিরুল ইসলাম, সহ-সভাপতি হাই কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইমরান, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাবেক সভাপতি বদরুল আলম মজুমদারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আকন্দ, নির্মল পাল, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোঃ সালাহউদ্দীন শাহ্, আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মেজর (অব.) ডা. কাজী সুরাইয়া বেগমসহ বিভিন্ন হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা।

এছাড়াও হাই-কেয়ার জেনারেল হাসপাতাল, উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতাল, কেসি হাসপাতাল, নিয়ামাহ হাসপাতাল, ইউরো ল্যাব হাসপাতাল, আইচি হাসপাতাল, এস্টার হাসপাতাল, মেরিন হাসপাতাল, ইউএসবি হাসপাতাল ও আর্ক হাসপাতালের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সিটি এডিটর/নিউজ টুডে বিডি