মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান আপাতত বড় কোন আর্থিক সংকটে পড়ছে না। তারা আরও কয়েক মাস অনায়াসে টিকে থাকতে সক্ষম এবং তাদের হাতে এখনও ৭০ শতাংশ মিসাইল ও ড্রোন মজুত রয়েছে বলে স্বীকার করেছে সিআইএ।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, সিআইএ-র গোপন বিশ্লেষণে ইরানের এই অভাবনীয় সক্ষমতার চিত্র উঠে এসেছে। ভাসমান ট্যাংকারে তেল মজুত এবং বিকল্প উপায়ে স্থলপথে তেল বিক্রির মাধ্যমে তারা অর্থনীতি সচল রাখছে। ফলে আগামী ৯০ থেকে ১২০ দিন বড় কোনো অর্থনৈতিক সংকট ছাড়াই তারা টিকে থাকতে পারবে।
গতমাসে দ্যা ইন্ডিপেন্ডেন্ট এর একটি প্রতিবেদনেও উঠে এসেছিল এই কথা যে, ইরান চীনকে বিক্রির জন্য ১২০ দিনের ক্রুড তেল জাহাজে করে মহাসাগরগুলোতে পাঠিয়ে রেখেছে।
এছাড়া, যুদ্ধপূর্ববর্তী মজুতের ৭৫ শতাংশ মোবাইল লঞ্চার এবং ৭০ শতাংশ মিসাইল ও ড্রোন এখনও ইরানের হাতে অক্ষত রয়েছে।
মার্কিন গোয়েন্দাদের এই প্রতিবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত। তিনি দাবি করেছিলেন যে ইরানের অস্ত্রভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে এবং তারা অবিলম্বে যুদ্ধ শেষ করতে বাধ্য হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক