আমাদের সহযোগী হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়: ট্রাম্পকে শি
“পুরো বিশ্বের নজর এখন আমাদের এই বৈঠকের দিকে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই একে অপরের সহযোগিতায় লাভবান হয় আর সংঘাতে জড়ালে ক্ষতিগ্রস্ত হয়। তাই এই নতুন যুগে আমাদের উচিত সহযোগী হওয়া, কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী নয়।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে শি বলেন, “বিশ্ব এখন এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমাদের দুই দেশের মধ্যে পার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি।
তাই নিজেদের জনগণের কল্যাণ এবং মানবতার ভবিষ্যতের কথা ভেবে আমাদের উচিত একসাথে কাজ করা এবং একে অন্যের সাফল্যকে নিজেদের সুযোগ হিসেবে দেখা।”
অন্যদিকে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল না নেওয়ার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং চীন একমত হয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো দেশের জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করা উচিত নয়।
এই বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। আলোচনাটি বেইজিংয়ে সম্ভাব্য ট্রাম্প–শি বৈঠকের আগে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক