বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দুপুর পর্যন্ত দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক