1. Home
  2. খেলা
  3. কবে আসছে ফুটবলের নতুন কোচ, যা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কবে আসছে ফুটবলের নতুন কোচ, যা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কবে আসছে ফুটবলের নতুন কোচ, যা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

0
  • 4 hours ago,

কে হচ্ছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। শুক্রবার (১৫ মে) নতুন কোচের নাম ঘোষণা করার কথা ছিল। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, আরও দুই-তিন দিন সময় লাগবে নতুন কোচের নাম জানতে। 

বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে করেছিলেন একাধিক হাইপ্রোফাইল কোচ। বাফুফে সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, কোচ হতে ২৩০টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্যে ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। ‎‎দীর্ঘ যাচাই–বাছাই শেষে বাফুফে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে।

বাংলাদেশের নতুন কোচ হতে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

তার পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন। বাফুফের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই বেশি।

জাতীয় দলের কোচ ইস্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এবং তাদের যে টিম রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু কোচদের একটি শর্ট লিস্ট হয়েছে। আমি আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন নতুন কোচের নাম।’

বাজেট সীমাবদ্ধতা প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। যে কোচ আসুক না কেন, তাকে একটি নির্ধারিত সময় দেওয়া উচিত। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি, একটু অপেক্ষা করেন, আপনারা কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক