বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।’
রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘মাত্র ১৬ দিনে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ হয়েছিল, তা ১৬ বছরেও করা কঠিন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর ভাবে আগ্রহী ছিলেন এবং শিক্ষাকে ঘিরে তার স্বপ্ন ছিল সুদূরপ্রসারী। বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা।
বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার বিষয়েও কাজ চলছে। আর যারা বিদেশে শিক্ষা গ্রহণ করতে যায় তাদের শিক্ষাগ্রহণ শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়াতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক