1. Home
  2. বিশ্ব
  3. বিশ্ববাজারে আবারও বাড়ছে  জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ছে  জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ছে  জ্বালানি তেলের দাম

0
  • 6 hours ago,

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ হয়ে আসছে। ফলে আবারও বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। গত সপ্তাহের শেষের দিকের কূটনৈতিক অচলাবস্থার জেরে রবিবার (২৬ এপ্রিল) তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে প্রতি ব্যারেল ১০৬.৯৯ ডলারে স্থির হয়েছে।

মাঝে দাম কিছুটা কমার আভাস পাওয়া গেলেও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাজারকে আবারও অস্থির করে তুলেছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের ৫ ভাগের ১ ভাগ পরিবাহিত হয় পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে। মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ‘উইন্ডওয়ার্ড’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই পথটি কার্যত অচল।

যুদ্ধ শুরুর আগে এই পথে দৈনিক গড়ে ১২৯টি জাহাজ চলাচল করত। গত শনিবার মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। তেহরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধের হুমকির ফলে এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা তেলের দাম বাড়ার প্রধান কারণ।

উল্লেখ্য, ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থায়ী শান্তি চুক্তির শর্তাবলি নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কোনো সরাসরি বৈঠক ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক