দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি। মন্ত্রণালয় কাজ করছে। কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।’
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। মানিকগঞ্জ সিঙ্গাইরের একটি কেন্দ্রে খাতা দেখাদেখি করেছে দু-একজন। পরে সতর্ক করা হয়েছে। একটি কেন্দ্র বাজারে হওয়ায় জটলা বেশি এবং মব হওয়ার শঙ্কা ছিল। কিন্তু অভিভাবকরা সহনশীল, তাই ঝুঁকি ছিল না।’
এহছানুল হক মিলন বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নেই এবং হয়নি। এবং এই ধরনের কোনো আলোচনাও নেই। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো সাংবাদিকদের, আপনারা সবাই সহযোগিতা করেছেন। এই পরীক্ষা সুস্থ স্বাভাবিক হোক। এজন্য পূর্ব থেকেই বিভিন্নভাবে যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি এগুলো আপনারা বারবার টেলিভিশনে, নিউজপেপারে প্রচার করেছেন। বিধায় সারা জাতি জেনেছে যে পরীক্ষা এবার সুন্দর হবে এবং নকলমুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না।’
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ আর্কাইভ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরে কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক