হরমুজ প্রণালিতে প্রজেক্ট ফ্রিডম চালুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া নিরপেক্ষ দেশগুলোর জাহাজ নিরাপদে বের করে আনা হবে।
তিনি জানান, সোমবার সকাল (মধ্যপ্রাচ্যের সময়) থেকে এই কার্যক্রম শুরু হবে।
ট্রাম্পের মতে, বিশ্বের বিভিন্ন নিরপেক্ষ দেশ—যারা মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িত নয়—তাদের জাহাজ বর্তমানে প্রণালিতে আটকে আছে এবং যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে।
এই উদ্যোগের আওতায় মার্কিন বাহিনী এসব জাহাজকে নিরাপদে পথনির্দেশনা দিয়ে প্রণালি পার করাবে, যাতে তারা স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে পারে।
তিনি এটিকে একটি মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, অনেক জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকট দেখা দিয়েছে।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে এবং এই উদ্যোগ পারস্পরিক সদিচ্ছা প্রদর্শনে সহায়ক হতে পারে।
একইসাথে এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম কর্মসূচিতে বাণিজ্যিক জাহাজগুলোকে সরাসরি মার্কিন নৌবাহিনীর এসকর্ট দেওয়া নাও হতে পারে। বরং মার্কিন নৌবাহিনী কাছাকাছি অবস্থান করবে এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানাবে।
একই সঙ্গে জাহাজগুলোকে নিরাপদ নৌপথ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে, বিশেষ করে যেসব রুট ইরানি মাইনমুক্ত বলে ধারণা করা হচ্ছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক