যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনাধীন একটি সম্ভাব্য চুক্তিতে ৬০ দিনের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রস্তাবিত এই চুক্তিটি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, ইরানকে পুনরায় তেল রপ্তানির সুযোগ দেওয়া হবে এবং ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি পর্যালোচনা করা হবে।যুদ্ধবিরতির সময় জুড়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
পারমাণবিক ইস্যুতে ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি তৈরির জন্য এই আলোচনাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবিত কাঠামোর আওতায় সব ফ্রন্টে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনো এই চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অগ্রগতির কথা বলা হলেও ইরানের কিছু সূত্র জানিয়েছে যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদিত চুক্তিপত্র প্রকাশ করা হয়নি।
নিউজ টুডে বিডি /নিউজ ডেস্ক