নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭ নং চান্দাই ইউনিয়নে এক বর্বরোচিত ঘটনায় মৎস্য চাষির পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুষ্কৃতিকারীরা। গত ২৮ মার্চ (শনিবার) দিবাগত রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মো. মইনুল ইসলাম ওই ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখার (যুব জামায়াত) সভাপতি।
ঘটনার বিবরণ: পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. মইনুল ইসলাম দীর্ঘ দিন ধরে তার ৮ বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো গত শনিবার রাতেও তিনি পুকুর দেখে বাড়িতে যান। কিন্তু পরদিন রবিবার সকালে গিয়ে দেখেন পুরুরে চাষ করা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
ভুক্তভোগী মইনুল ইসলামের দাবি, রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে গভীর রাতে কে বা কারা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতিতে তিনি এখন পুরোপুরি নিঃস্ব ও দিশেহারা।
আইনি পদক্ষেপ: এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ভুক্তভোগী মইনুল ইসলাম ইতোমধ্যে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগীর বক্তব্য: মইনুল ইসলাম বলেন, “৮ বিঘা পুকুরে অনেক স্বপ্ন আর পুঁজি নিয়ে মাছ ছেড়েছিলাম। ২৫ লক্ষ টাকার সম্পদ চোখের সামনে বিষ দিয়ে মেরে ফেলা হলো। আমি প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়ে বলছেন, এ ধরনের ঘটনা এলাকার মৎস্য চাষিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক