যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ইরানের প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। তার কয়েকজন সহযোগী জানিয়েছেন, তিনি এখন পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়ে বেশ আগ্রহী। তথ্যসূত্র: সিএনএন।
হরমুজ প্রণালী ক্রমাগত বন্ধ থাকা এবং ইরানের নেতৃত্বের শক্ত অবস্থানে যেভাবে পরমাণু আলোচন আগাচ্ছেনা, তা নিয়ে তিনি বিশেষভাবে ক্ষুব্ধ।
পরবর্তী পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। পেন্টাগনের কিছু কর্মকর্তা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাসহ আরও কঠোর সামরিক চাপের পক্ষে, অন্যদিকে একাংশ এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান।
আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, এটিই যে কূটনীতির শেষ সুযোগ—সে বিষয়ে ইরানকে সতর্ক করতে জোর তৎপরতা চলছে। তবে তেহরানকে এ বিষয়ে খুব একটা সাড়া দিতে দেখা যাচ্ছে না।
বর্তমান যুদ্ধবিরতিকে ‘অবিশ্বাস্যভাবে দুর্বল’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে এখন পর্যন্ত দেখা সবচেয়ে দুর্বল যুদ্ধবিরতি বলেছেন। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘এক্সিওস’ জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক আঘাতের বিষয়টি আবারও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজের জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিভিন্ন অবকাঠামোতে বোমা হামলার প্রকাশ্য হুমকি দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে, ট্রাম্পকে কোন দিক দিয়েই ছেড়ে কথা বলতে রাজী নয় ইরান। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন,
“মিস্টার ট্রাম্প, কখনো ভাববেন না যে আমাদের বর্তমান সংযমকে পুঁজি করে আপনি একজন বিজয়ী হিসেবে বেইজিংয়ে পা রাখতে পারবেন।”
তিনি কড়া ভাষায় বলেন, আমরা আপনাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছি। তাই কূটনীতির মাধ্যমে জয়ী হওয়ার কল্পনাও করবেন না।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক