ইরানকে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের লোভ দেখাচ্ছেন ট্রাম্প। শর্ত সব মার্কিন শর্ত অক্ষরে অক্ষরে মানতে হবে।
তেহরানকে পারমাণবিক চুক্তিসহ একটি পূর্ণাঙ্গ মীমাংসা মেনে নিতে হবে, এই শর্তে চূড়ান্ত চুক্তি হলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ তহবিল গঠনে সমর্থন দিতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই খবর।
একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি দেশ পুনর্গঠনের জন্য এই বিশাল তহবিলের বিষয়ে আলোচনা করেছে। তবে পুরো বিষয়টি সমঝোতা স্মারক মেনে চলার ক্ষেত্রে ইরানের আচরণের ওপর নির্ভরশীল।
মূলত ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পর, একটি চূড়ান্ত মীমাংসা হলেই কেবল এই তহবিল গঠন করা হবে।
কোনো দেশের সরকার এই অর্থ দেবে না, বরং ইরানে বিনিয়োগ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলো থেকে এই অর্থ আসবে। নিষেধাজ্ঞা উঠে গেলে ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও এতে যুক্ত হতে পারবেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক