মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি?
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এ বছর গ্রীষ্মকাল থেকে বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এক্ষেত্রে প্রায় ২৫,০০০ সীমিত সংস্করণের পাসপোর্ট ইস্যু করা হতে পারে।
রাজতন্ত্র থেকে মুক্তির ২৫০ বছর পূর্তিতে একজন নেতার ছবি পাসপোর্টে জুড়ে দেওয়ার এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনযায়ী, এই কার্যক্রম শুরু হলে পাসপোর্টের জন্য আবেদনকারী ‘যেকোনো মার্কিন নাগরিকের’ জন্য নতুন নকশার পাসপোর্টগুলো পাওয়া যাবে। পাসপোর্টগুলো শুধুমাত্র ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতেই পাওয়া যাবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, এই বিশেষ পাসপোর্টে ‘কাস্টমাইজড আর্টওয়ার্ক’ এবং ‘উন্নত ইমেজিং’ ব্যবহার করা হয়েছে।
পাসপোর্টের ভেতরের কভারে থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় ছবি। ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হবে। এই পাসপোর্ট মূলত ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা২৫০’ কর্মসূচির অংশ। পাসপোর্টের পাশাপাশি নতুন মুদ্রার নকশাতেও ট্রাম্পের ছবি ব্যবহারের প্রস্তাব এসেছে।
সমালোচকরা এই পদক্ষেপকে ‘আমেরিকান আইকনিক প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যক্তি প্রভাব বিস্তারের চেষ্টা’ হিসেবে দেখছেন। তবে প্রশাসনের দাবি, এটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার একটি বিশেষ মাধ্যম।
তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি এবং ট্রাম্পের ছবি অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। যদি হয় তাহলে এটি হবে নজিরবিহীন পদক্ষেপ, কারণ আধুনিক পাসপোর্টে বর্তমান কোনো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধানের ছবি ব্যবহার করা হয় না।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক